ধ্রুব নিউজ ডেস্ক
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ছবি: ধ্রুব নিউজ
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হিসেবে মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক এই রায় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথ খুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইসিজের রায়ের পরিপ্রেক্ষিতে সরকারের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলতে চাই, রোহিঙ্গাদের মিয়ানমারের নিজ বাসভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান। বাংলাদেশ বিশ্বাস করে, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে।’ তাঁর মতে, এই রায় কার্যকর হলে প্রায় ১২ লাখ রোহিঙ্গার চাপ সামলানোর দায় থেকে বাংলাদেশের বেরিয়ে আসার সুযোগ তৈরি হতে পারে।
রায়ের দ্রুত কার্যকারিতা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানাই।’ একই সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক মহলের প্রতি অনুরোধ জানান তিনি।
দীর্ঘ প্রায় এক দশক ধরে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বুকভরা আশার জায়গা হয়ে উঠেছে এই রায়। গাম্বিয়ার দায়ের করা মামলার সাত বছর পর বৃহস্পতিবার আইসিজে রায় দেন যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে এবং এ অপরাধের জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী। চূড়ান্ত ওই রায়ে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন ও ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ব আদালতের ইতিহাসে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার এটিই প্রথম নজির। নাৎসি হলোকাস্টের পর কোনো আন্তর্জাতিক আদালতে গণহত্যার আইনি মানদণ্ড প্রমাণিত হওয়ার চতুর্থ ঘটনা এটি। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ নেই; ফলে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী মিয়ানমারকে তা মানতে হবে।
রায়ে মিয়ানমারের জন্য দুটি প্রধান নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, মিয়ানমারের অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে এবং আলাদা হয়ে যাওয়া পরিবারগুলোর পুনর্মিলনের সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, মানবাধিকার লঙ্ঘনের দায়ে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে মিয়ানমার, যার পরিমাণ ও ধরন পরবর্তীতে নির্ধারণ করবে আদালত। তবে আইসিজের নিজস্ব কোনো বলপ্রয়োগের ক্ষমতা না থাকায় রায়টি কার্যকর করার বিষয়টি সরাসরি আদালতের হাতে নেই। মিয়ানমার রায় মানতে অস্বীকৃতি জানালে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নেওয়ার সুযোগ রয়েছে, যেখানে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
১৫ সদস্যের বিচারক প্যানেলের নেতৃত্ব দেন আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। ‘গ্রেট হল অব জাস্টিস’-এ উপস্থিত দর্শকদের সামনে প্রায় তিন ঘণ্টা ধরে রায়ের মূল অংশ পাঠ করেন তিনি। রায়ে বিচারক ইওয়াসাওয়া বলেন, ‘আদালত এই মর্মে পুরোপুরি নিশ্চিত— মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই দেশটি ১৯৪৮ সালের জেনোসাইড অপরাধ প্রতিরোধ ও শাস্তিবিষয়ক সনদ লঙ্ঘনকারী কর্মকাণ্ড চালিয়েছে। উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইডের জন্য মিয়ানমার সরাসরি দায়ী।’
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর চালানো নৃশংস অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা মানবেতর জীবন কাটাচ্ছেন। অন্যদিকে, রাখাইনে ছয় লাখেরও কম রোহিঙ্গা অবশিষ্ট থাকতে পারেন বলে ধারণা করা হয়।
২০১৭ সালে রাখাইনের তুলাতলি গ্রামে সংঘটিত গণহত্যার বীভৎসতা স্যাটেলাইট চিত্র ও মানবাধিকার তদন্তকারীদের প্রতিবেদনে উঠে আসে। সেখানে বেসামরিক নাগরিকদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা, গণকবর দেওয়া এবং শিশুদের পানিতে ডুবিয়ে হত্যার মতো ঘটনা ঘটে। রোহিঙ্গাদের পক্ষে ২০১৯ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজেতে মামলাটি করে আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া।
তবে মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ নাকচ করে আসছে। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর গেরিলা হামলার জবাবে তারা সন্ত্রাসবিরোধী বৈধ অভিযান পরিচালনা করেছিল। ২০১৬-১৭ সালের ওই অভিযানের সময় মিয়ানমারের সেনাপ্রধান ছিলেন মিন অং হ্লাইং। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। উল্লেখ্য, আইসিসি ব্যক্তি পর্যায়ে দায় নির্ধারণ করে, আর আইসিজে বিচার করে রাষ্ট্রের বিরুদ্ধে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেন মিন অং হ্লাইং। তাঁর শাসনামলে সৃষ্ট গৃহযুদ্ধে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং গত এপ্রিলে বিতর্কিত নির্বাচনের পর তিনি বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।