নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের চাঁচড়া রায়পাড়ার মাছ ব্যবসায়ী জহিরুল ইসলাম তানভীর রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি ছোট পরিসরে মাছ বিক্রি করে সংসার চালান। তবুও তাকে একের পর এক মামলার আসামি হতে হচ্ছে। সর্বশেষ গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের মামলায় তাকে আসামি করা হয়েছে। অথচ ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তিনি ঠিকমতো হাঁটতেই পারেন না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তার স্ত্রী মোছা. রানী বেগম।
লিখিত বক্তব্যে রানী বেগম জানান, ২০২৫ সালের ৫ আগস্টের পর থেকেই তার স্বামী নানা হয়রানির শিকার হচ্ছেন। ওই সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে বাড়ি থেকে আটক করেন। পরে কোনো অপরাধের প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর গত ১৪ অক্টোবর পুকুরপাড়ে হাঁটার সময় গর্তে পা পড়ে তার ডান হাঁটুর পেছনের লিগামেন্ট ছিঁড়ে যায়। এখন তার উন্নত চিকিৎসার জন্য প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা প্রয়োজন। কিন্তু মাছ ব্যবসার সামান্য আয়ে সংসার চালানোই কঠিন। তাই চিকিৎসার এই টাকা জোগাড় করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, তানভীর গুরুতর অসুস্থ ও হাঁটতে অক্ষম। এমন একজন মানুষ কীভাবে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকতে পারেন—তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তানভীর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মা অসুস্থ এবং বাবাও নির্যাতনের শিকার হয়েছেন। এখন দুই সন্তানের লেখাপড়া, চিকিৎসা ও সংসার চালানো নিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে সহযোগিতা চেয়েও তারা কোনো প্রতিকার পাননি।
সংবাদ সম্মেলনে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। সেই সঙ্গে তানভীরের শারীরিক অবস্থা বিবেচনা করে আইনগত সুরক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। এ সময় তানভীরের মা জেসমিন সুলতানা, চাচী রেখা বেগম, খালা ওহিদা বেগম ও লামিয়া সুলতানা উপস্থিত ছিলেন।