কোটচাঁদপুর প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে যুবলীগ নেতাসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন পৌর যুবলীগের ওয়ার্ড সভাপতি এবং অপর তিনজন নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার সাজ্জাদ হোসেন (৩৮) কোটচাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি উপজেলার বড়বামনদহ গ্রামের তোরাব আলীর ছেলে। কোটচাঁদপুর থানার মামলা নং-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-১১৮/২৬-এর তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।

অন্যদিকে, গত ৬ নভেম্বর কোটচাঁদপুর মডেল থানায় দায়ের করা নিয়মিত মামলা নং-০৪-এর এজাহারনামীয় তিন আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে শাকিল (২৫), রহমতপুর গ্রামের ফকির মন্ডলের ছেলে তেলা জালাল (৫০) এবং একই গ্রামের জালালের ছেলে শান্তি (২৮)।
পুলিশ জানায়, ওই মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৩৭৯, ৩২৩, ৪২৭, ৩০৭, ১১৪ ও ৫০৬ ধারায় দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে পৃথক দুটি মামলায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।