নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ ২৮ অক্টোবর (বুধবার) যশোর শহরের একটি মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যশোর শহর শাখার অফিস সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শহর শাখা সভাপতি উবাইদুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর সেক্রেটারি খালিদ ইবনে খলিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর শাখার প্রকাশনা সম্পাদক আল মামুনসহ বিভিন্ন শাখার নেতা-কর্মীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উবাইদুল্লাহ হুসাইন বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে পল্টনে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর যেভাবে নৃশংস গণহত্যা চালানো হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। নরপশুদের মতো নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে সেদিন মানবতাকে হত্যা করা হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই নৃশংসতার মাধ্যমেই মূলত বাংলাদেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল।
অনুষ্ঠানে শহর সেক্রেটারি খালিদ ইবনে খলিল তার বক্তব্যে পল্টন ট্রাজেডির ভয়াবহ ইতিহাস তুলে ধরে বলেন, সেদিন বাপ্পাদিত্য বসুর মতো ঘাতকেরা নিরীহ ছাত্র ও তরুণদের পিটিয়ে হত্যা করার পর লাশের ওপর উল্লাস ও নৃত্য করেছিল, যা ইতিহাসের সব বর্বরতাকে হার মানিয়েছে। তিনি বিভিন্ন সময়ে শাহাদাতবরণকারী ছাত্রশিবিরের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং লগি-বৈঠার তাণ্ডবসহ সকল হত্যাকাণ্ডে জড়িত ঘাতকদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচির শেষ পর্যায়ে পল্টন ট্রাজেডিসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।