Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচার

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ১০:০০ এ এম
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচার

ছবি: সংগৃহীত

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। তবে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের আক্রান্ত অংশটি কেটে বাদ দেওয়া হয়েছে।

ভ্যাটিকানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অস্ত্রোপচার ‘সফল’ হয়েছে এবং এখন পর্যন্ত কোনো জটিলতা দেখা দেয়নি।

মঙ্গলবার রোমের জেমেল্লি হাসপাতালে ৭১ বছর বয়সী পোপের অস্ত্রোপচার করা হয়। প্রায় ৯০ মিনিট ধরে চলা এই প্রক্রিয়ায় তার ডান ফুসফুসের 'লোয়ার লোব' বা নিচের অংশটি পুরোপুরি কেটে বাদ দেওয়া হয়।

পরে ভ্যাটিকানের এক মেডিকেল বুলেটিনে বলা হয়, "জ্ঞান ফেরার পর পোপ স্বাভাবিক ছিলেন এবং কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তাকে নিজের কেবিনে স্থানান্তর করা হয়েছে।"

অস্ত্রোপচারের সময় অপসারণ করা ফুসফুসের টিস্যু পরীক্ষায় তার ‘পালমোনারি অ্যাডেনোকারসিনোমা’ শনাক্ত হয়। এটি ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরন। অস্ত্রোপচারের আগে করা পরীক্ষাতেও এই ক্যানসারের সন্দেহ করা হয়েছিল বলে জানিয়েছে ভ্যাটিকান।

পোপের প্রধান সার্জন ডা. স্তেফানো মার্গারিটোরা এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. লুইগি কার্বোনের নেতৃত্বে ‘ভিডিও-অ্যাসিস্টেড’ প্রযুক্তির সাহায্যে তার অস্ত্রোপচার করা হয়।

মূলত ক্যানসার আক্রান্ত সব টিস্যু নির্মূল করার জন্যই ফুসফুসের ওই অংশটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে বলে ভ্যাটিকান জানিয়েছে। ক্যানসারটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সিএনএনের খবরে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি অস্বাভাবিক গুটি ধরা পড়ে। পরে চিকিৎসকরা সেটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পরামর্শ দেন। তবে তার শরীরে অসুস্থতার কোনো লক্ষণ ছিল না।

২০ অক্টোবর পর্যন্ত সব প্রকাশ্য কর্মসূচি বাতিল

সুস্থ হয়ে উঠতে পোপকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। ভ্যাটিকান জানিয়েছে, আগামী ২০ অক্টোবর পর্যন্ত পোপের সব প্রকাশ্য কর্মসূচি বাতিল করা হয়েছে।

গত রোববার সেন্ট পিটার্স স্কয়ারে প্রার্থনা শেষে সমবেত মানুষের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পোপ নিজেই ফুসফুসে গুটি শনাক্ত হওয়ার কথা জানান। তিনি বলেছিলেন, এটি প্রাথমিক পর্যায়েই ধরা পড়েছে এবং নির্দিষ্ট একটি অংশে সীমাবদ্ধ রয়েছে। চিকিৎসকদের পরামর্শে তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ক্যানসার শনাক্ত হওয়ার পর রোগটির পর্যায়, এটি লসিকাগ্রন্থিসহ শরীরের অন্য কোথাও ছড়িয়েছে কি না এবং পরবর্তী চিকিৎসা কী হবে—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।

রয়টার্সকে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ফুসফুসের ক্যানসার বিশেষজ্ঞ স্টিফেন লিউ বলেন, রোগের পূর্বাভাস বুঝতে টিউমারের আকার এবং লসিকাগ্রন্থিতে ক্যানসার ছড়িয়েছে কি না, তা জানা জরুরি।

“ক্যানসার ছোট হলে এবং লসিকাগ্রন্থিতে না ছড়ালে অস্ত্রোপচারেই রোগ নিরাময় হতে পারে। তবে চূড়ান্ত পরীক্ষায় ক্যানসারের বিস্তার বেশি পাওয়া গেলে পরিস্থিতি কম আশাব্যঞ্জক হতে পারে।”

পোপের সুস্থতা কামনায় ভক্তরা

পোপের অস্ত্রোপচারের খবর বিশ্বজুড়ে ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো পারোলিন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, পোপের অস্ত্রোপচারের খবর তাকে উদ্বিগ্ন করেছে।

তবে অসুস্থতার বিষয়টি দ্রুত শনাক্ত হওয়ায় এবং পোপ শান্ত থাকার কারণে তার সুস্থ হয়ে ওঠার ব্যাপারে তারা আশাবাদী।

পোপের সুস্থতা কামনায় মঙ্গলবার রোমের জেমেল্লি হাসপাতালের বাইরে জড়ো হন অনেক মানুষ। তাদের কেউ কেউ তাকে শুভকামনা জানাতে এবং প্রার্থনা করতে সেখানে অপেক্ষা করেন।

হাসপাতালে যাওয়ার সময় গাড়ির পেছনের জানালা দিয়ে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন পোপ। হাসপাতালে পৌঁছে কর্মকর্তাদের সঙ্গে হাত মেলানোর পর তিনি ভেতরে প্রবেশ করেন।

দক্ষিণ আমেরিকা সফর নিয়ে অনিশ্চয়তা

রয়টার্স লিখেছে, আগামী ৬ থেকে ১৭ নভেম্বর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফরের কথা রয়েছে পোপের। ১১ দিনের এই সফরের মধ্যে পেরুর অংশটি গুরুত্বপূর্ণ, কারণ সেখানে তিনি বহু বছর বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এখন নির্ধারিত সূচি অনুযায়ী তিনি সফরে বের হতে পারবেন কি না, তা নির্ভর করবে তার সুস্থ হতে কতটা সময় লাগবে, তার ওপর।

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ১৯৫৫ সালে রবার্ট প্রেভোস্ট নামে জন্ম নেওয়া পোপ চতুর্দশ লিও ২০২৫ সালের মে মাসে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন। তিনি পোপ ফ্রান্সিসের উত্তরসূরি।

টেনিস খেলা ও সাঁতার কাটার মত শারীরিক কর্মকাণ্ডে অভ্যস্ত পোপ লিওর গুরুতর কোনো স্বাস্থ্যসমস্যার কথা আগে জানা যায়নি। তবে ১৯৮৫ সালে পেরুতে থাকার সময় টাইফয়েডে আক্রান্ত হয়ে তাকে একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

ভ্যাটিকার বলেছে, পোপ হাসপাতালে থাকলেও তাদের দৈনন্দিন কার্যক্রম চলবে। তবে যেসব সিদ্ধান্তে পোপের স্বাক্ষর বা অনুমোদন প্রয়োজন, সেগুলো তার সুস্থ হয়ে ওঠা পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)