নিজস্ব প্রতিবেদক
বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন যশোর জেলা যুবদলের নেতৃবৃন্দ ছবি: ধ্রুব নিউজ
যশোর জেলা যুবদলের ঐক্য বিনষ্ট ও জেলা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানা।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, সম্প্রতি কিছু অখ্যাত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। এসব অপপ্রচারের ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, যশোর জেলা যুবদল দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন সময় নির্যাতন, হয়রানি ও একাধিক মামলার মুখোমুখি হয়েও সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সংগঠনের ঐক্য নষ্ট করা এবং জেলা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে অপপ্রচার চালাচ্ছে।
তারা আরও বলেন, একটি গণমাধ্যমে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানোর ঘটনাও তারা তুলে ধরেন।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের কারণে অনেক নেতাকর্মী ব্যক্তিগত ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সাম্প্রতিক অপপ্রচারের ফলে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপপ্রচার রোধে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই।