খুলনা প্রতিনধি
ছাত্রশিবিরের প্রকাশনী উৎসব এবং অন্যদিকে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি পালিত হয়েছে। ছবি: ধ্রুব নিউজ
খুলনার বিএল কলেজ ক্যাম্পাসে একদিকে ছাত্রশিবিরের প্রকাশনী উৎসব এবং অন্যদিকে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সরকারি বিএল কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে স্লোগান ও বক্তব্য লেখা হয়। এ সময় ছাত্রদল কর্মীরা ‘গুপ্ত রাজনীতি বন্ধ’সহ নানা ধরনের রাজনৈতিক স্লোগান দেয়ালে তুলে ধরেন।
একই সময়ে ক্যাম্পাসের জুলাই চত্বরে বিএল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে পাঁচ দিনব্যাপী নববর্ষ উপলক্ষে প্রকাশনী উৎসব চলতে দেখা গেছে। এই উৎসবে বিভিন্ন বইয়ের পাশাপাশি সংগঠনটির নিজস্ব নানা ধরনের প্রকাশনা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
এদিকে দেয়াল লিখন কর্মসূচি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অধিকাংশ শিক্ষার্থী এই ধরনের কার্যক্রমের সমালোচনা করে বলেন, দেয়াল লিখনের ফলে ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং দেয়ালগুলো দৃষ্টিকটু হয়ে উঠছে।
শিক্ষার্থীরা জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন ও নান্দনিক থাকা জরুরি। রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য এমন সেকেলে পদ্ধতির পরিবর্তে আরও সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য উপায় বেছে নেওয়ার জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।