নিজস্ব প্রতিবেদক
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ছবি: ধ্রুব নিউজ
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শনিবার বিকেলে মনিহার এলাকা থেকে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, “ফ্যাসিস্ট খুনিদের বিচার প্রক্রিয়ায় কেউ যদি বাধা কিংবা গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়—সে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা গুপ্ত-সুপ্ত যেই হোক—দেশের স্বার্থে কোনো আপস করব না। রাষ্ট্র মেরামতের কাজ ও খুনিদের বিচার চলছে। এ সময়ে কোনো প্রকার আগুন সন্ত্রাস আমরা বরদাশত করব না। তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ আজ এক কাতারে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং খুনিদের বিচার সম্পন্ন ও রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি শুরু হয়েছে, সেই পথেই অবিচল হেঁটে চলব।”
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “দীর্ঘ দেড় যুগ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এই লড়াইয়ে চূড়ান্ত গতি পেয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে। রক্তস্নাত পথ বেয়ে আমরা গণতন্ত্র ফেরত পেয়েছি। জনগণ ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সমাজের সকল স্তরে সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করছেন। পতিত ফ্যাসিস্ট আজ নতুন করে দেশে উত্তপ্ত পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টির পায়তারা করতে চায়। ঐক্যবদ্ধভাবে যেভাবে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করেছিলাম, ঠিক একইভাবে তাদের পুনরুত্থান রুখব।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম ও সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান ও সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্যসচিব রাজিদুর রহমান সাগর এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান।