❒ শার্শায় জামায়াতের রুকন শিক্ষা শিবিরে বক্তারা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
শার্শা উপজেলা জামায়াতে ইসলামি আয়োজিত দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত। ছবি: ধ্রুব নিউজ
শার্শা উপজেলা জামায়াতে ইসলামি আয়োজিত দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নাভারণ মহিলা আলিম মাদ্রাসার হলরুমে এ শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি প্রভাষক শামসুজ্জামান। উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান এবং পরিচালনায় ছিলেন ফিরোজ আল মাহমুদ।
উদ্বোধনী বক্তব্যে ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর বলেন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্যপ্রযুক্তি (আইটি) প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, রুকনিয়াতের মূল চেতনা হলো দ্বীন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামির সাংগঠনিক শক্তির ভিত্তি হচ্ছে এর রুকন সদস্যরা, যারা আদর্শিক চর্চা ও সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে বিভিন্ন প্রশিক্ষণমূলক সেশন, আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রুকন সদস্যরা অংশগ্রহণ করেন।
ধ্রুব/এস.আই