Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দলকে গ্লানিমুক্ত রাখতে নেতাকর্মীদের আচার-আচরণ সংযত করার আহ্বান নার্গিস বেগমের

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৭ মার্চ,২০২৬, ০৭:২৭ পিএম
দলকে গ্লানিমুক্ত রাখতে নেতাকর্মীদের আচার-আচরণ সংযত করার আহ্বান নার্গিস বেগমের

শনিবার যশোর নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ছবি: ধ্রুব নিউজ

দলকে গ্লানিমুক্ত রাখতে দলীয় নেতাকর্মীদের আচার-আচরণ আরও সংযত ও বাঞ্ছনীয় করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ সময় আন্দোলন করেছিল। তাদের কাছে দেওয়া আমাদের ওয়াদা ভুলে গেলে চলবে না কিংবা কোনোভাবেই একই ভূমিকায় অবতীর্ণ হওয়া যাবে না। কারও আচার-আচরণে দলে গ্লানি আসে এমন কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকতে হবে।

শনিবার যশোর নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ সময় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, চব্বিশের ৫ আগস্টের পর থেকে গেল ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত একটি রাজনীতির ধারার মধ্যে ছিলাম। সেখান থেকে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বর্তমান রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এটা আমাদের বুঝতে হবে। বিরোধী দলে থাকা অবস্থায় অনেক কথা বলা যায়, যে কথার কোনো দায়িত্ব নেওয়া লাগে না। বর্তমানে একটি রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতা বলছেন তারা নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে বিনা ভাড়ায় হজ করিয়ে আনতেন এবং সৌদি আরব থেকে তেল আনতেন। যারা রাষ্ট্র পরিচালনায় থাকেন না তারা এমন দায়িত্বজ্ঞানহীন কথা বলতে পারেন। আমাদের ছোট একটি দেশ এবং সামর্থ্য সীমিত—এটা বুঝতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের অনুসারী। তাদের কঠোর সমালোচকরাও আজ পর্যন্ত তাদের সততা, নীতি ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সততা, নীতি, আদর্শ ও ত্যাগের কারণে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাদের আদর্শের অনুসারী হিসেবে আমাদের মধ্যে সেটির প্রতিফলন ঘটাতে হবে। সংঘাতের রাজনীতি নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফার ভিত্তিতে দেশ গঠনে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের সকলকে সততা ও নিষ্ঠার সাথে সেই কাজে সহযোগিতা করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, অ্যাড. নজরুল ইসলাম, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ। ইফতার পূর্ব আলোচনা সভা পরিচালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)