ধ্রুব ডেস্ক
অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।
তিনি আরো লেখেন, আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে, সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব, এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার /ধ্রুব নিউজ
খামেনির সম্মানে ইরানের শোক বইয়ে
জামায়াত সেক্রেটারির স্বাক্ষর
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার । শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকাস্থ ইরান এ্যাম্বাসিতে সংরক্ষিত খোলা শোক বইয়ে তিনি স্বাক্ষর করেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় গোলাম পরওয়ার বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা ও নেতৃবৃন্দের অবদান সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাদের প্রতি তার অসীম রহমত নাযিল করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন। বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে এক পবিত্র আমানত।
তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান। তারা ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন।