ধ্রুব নিউজ ডেস্ক
হামলার পর আহত নেতাকর্মীদের এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নেয়া হয় ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের লক্ষ্য করে অতর্কিত হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় সংঘটিত এই হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মাজদিয়া এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলের প্রস্তুতির একপর্যায়ে একদল মুখোশধারী দুর্বৃত্ত সেখানে আকস্মিক হামলা চালায় এবং নেতাকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতদের চিকিৎসার বিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাদিয়া ফেরদৌস জানান, গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তাদের প্রত্যেকেরই পায়ে গুলি লেগেছে। তবে গুলিগুলো শরীরের অনেক গভীরে প্রবেশ করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেগুলো অপসারণ করা সম্ভব হয়নি। রোগীদের সার্বিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার স্বার্থে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, হামলার খবর পাওয়ার সাথে সাথেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।