ধ্রুব ডেস্ক
পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার রাত ১০টার দিকে মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন। তাদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান নাহিদ ইসলাম।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি ড্যাজলিং ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি চলে। এতে চারজনের মাথায় গুরুতর আঘাত লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিপেটা করে লন্ডন পুলিশ।
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। তার সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। অনুষ্ঠান চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হলের বাইরে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাতে ডেইলি ড্যাজলিং ডন জানায়, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল ছোড়েন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকেরা। হলের বাইরের অংশে কয়েকজন অতিথিকে মারধরও করা হয়। পরে অনুষ্ঠান শেষে হলের পেছনের সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনার পর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে হামলার অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি লেখেন, ‘অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’
নাহিদ আরও লেখেন, ‘আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। তারা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।’
হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ।
এর আগে লন্ডনে অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও ডিম নিক্ষেপ, বাধা দেওয়ার চেষ্টা ও উত্তেজনার ঘটনা ঘটেছিল।