Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চুরি যাওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৬:২৯ পিএম
চুরি যাওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক

পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ক্রিলের কাছে ল্যাপটপটি হস্তান্তর করেন আইজিপি মো. আলী হোসেন ফকির ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভ্রমণে এসে চুরি হওয়া ল্যাপটপ শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে এক আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে তাঁর হাতে ল্যাপটপটি হস্তান্তর করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শখের প্রযুক্তিপণ্যটি উদ্ধার হওয়ায় ক্রিল বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভ্রমণের নানা ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

​পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে এক প্রতারকের কবলে পড়েন এই জার্মান পর্যটক। ট্রেনের টিকিট কেনার উদ্দেশ্যে নিকটস্থ এটিএম বুথে যাওয়ার সময় ক্রিল তাঁর ব্যাগটি স্টেশনে অবস্থানরত এক ব্যক্তির কাছে জিম্মা রেখে যান, যিনি নিজেকে রেল কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে টাকা তুলে ফেরত এসে দেখেন ওই ব্যক্তি এবং ব্যাগ—কোনোটিরই হদিস নেই। অনুসন্ধানে প্রকাশ পায়, সেই ব্যক্তি মূলত রেলওয়ের কেউ ছিলেন না।

​ঘটনাটি ঘটার পরই নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ক্রিল। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের বেশ কয়েকটি দল যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। চার দিনের মাথায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার ‘নূর ক্লোথিং স্টোর’ থেকে ক্রিলের খোয়া যাওয়া ম্যাকবুকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

​একজন বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুততার সাথে নিস্পত্তি ও মালামাল উদ্ধারে দায়িত্বশীল ভূমিকা রাখায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান এবং উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনের হাতে আইজিপি ব্যক্তিগতভাবে আর্থিক পুরস্কার তুলে দেন। এ সময় আইজিপি মো. আলী হোসেন ফকির তাঁদের কর্মদক্ষতা, আন্তরিকতা ও দলগত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং পেশাদার সেবার মাধ্যমে জনআস্থা অর্জনে সব ইউনিটকে সচেষ্ট থাকার নির্দেশ দেন।

​উল্লেখ্য, ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে নাটোর স্টেশনে ক্রিলের অঝোরে কান্নার একটি ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বিষয়টি নজরে আসার পর গত ১০ অক্টোবর ‘মুক্তি মাহমুদ’ নামে বেসরকারি খাতের এক কর্মকর্তা এগিয়ে আসেন। জার্মান পর্যটক যেন বাংলাদেশ থেকে মন খারাপ নিয়ে না ফেরেন, সেই ভাবনা থেকে হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে নিজ উদ্যোগে ক্রিলকে একটি নতুন ম্যাকবুক উপহার দিয়েছিলেন তিনি। এবার পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া আসল ল্যাপটপটিও ফিরে পেলেন এই বিদেশি পর্যটক।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)