Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সংসদে সালাহউদ্দিন-শফিকুর বাহাস

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৩:০৬ এ এম
সংসদে সালাহউদ্দিন-শফিকুর বাহাস

ছবি: সংগৃহীত

আসনের অনুপাতে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ চায় বিরোধী দল। এর জন্য জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ টেনে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব চেয়েছে সরকারি দল।

এ নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে বিতর্ক হয়েছে।

শফিকুর রহমান বলেছেন, অতীতেও বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার নজির রয়েছে।

জবাবে সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় বিরোধী দল অংশ নিলে আসনের অনুপাতে কমিটির সভাপতির পদ দেওয়া হবে।

জাতীয় সংসদে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের আগে এ আলোচনা হয়।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে যে জুলাই জাতীয় সনদ গ্রহণ করে বাস্তবায়নের আদেশ দিয়েছিল, সেখানে বিরোধী দলকে আসনের অনুপাতে সংসদীয় কমিটির সভাপতি পদ দেওয়ার কথা বলা হয়েছে।

গণভোটের রায় অনুযায়ী, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি করা হয়েছে, সেখানে বিরোধী দল প্রতিনিধি দেয়নি।

বিরোধীদলীয় নেতা বলেন, আগের দিনের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল থেকে স্থায়ী কমিটির সভাপতি করার নজির নেই বলে মন্তব্য করেছিলেন।

নবম জাতীয় সংসদের উদাহরণ দিয়ে তিনি বলেন, “সেখানে কিন্তু বিরোধী দল থেকে দুইজন স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। সুতরাং নজির আছে।”

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতির কথাও সরকারকে মনে করিয়ে দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব ইতোমধ্যে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেওয়া হয়েছে।

অতীতে বিরোধী দল থেকে স্থায়ী কমিটির সভাপতি করার নজির থাকার কথা স্বীকার করেন তিনি।

এরপর সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই জাতীয় সনদ অনুসারে আসনের সংখ্যানুপাতে আপনারা সভাপতিত্ব পাবেন স্থায়ী কমিটিগুলোর।”

তবে এজন্য বিরোধী দলকে সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা শুভ সূচনা করুন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী কমিটিতে আপনারা অংশগ্রহণ করুন, যা বক্তব্য আছে সেখানে দিন।”

সংবিধান সংশোধনের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার কথাও বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “যথাশিগগির সম্ভব আমরা সেই সংবিধান সংশোধনী বিল নিয়ে আসব, যাতে করে তাড়াতাড়ি কার্যকর করা যায় এবং সংসদের উচ্চকক্ষ স্থাপন করা যায়।”

বিরোধী দলকে সংসদে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখানে তো আমাদেরকে সবাই একসাথে বসে তর্কের মধ্য দিয়ে এটা নিতে হবে।”

আগের দিন বুধবার জাতীয় সংসদে ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। এরপর স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিয়ে কথা বলেন বিরোধী দলের উপনেতা আব্দুল্লাহ তাহের।

তিনি বলেছেন, “সরকারি দলের সঙ্গে আলোচনায় (সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে) আসনের অনুপাতে বিরোধী দলের ২৬ শতাংশ প্রতিনিধিত্বের বিষয়ে সমঝোতা হয়েছিল। কমিটির সদস্য করার ক্ষেত্রে সেই অনুপাত মানা হলেও সভাপতির পদে তা মানা হচ্ছে না। আমরা এটা আশা করি, এটা আমাদের অধিকার যে সভাপতির পদেও আমরা ২৬ শতাংশ পাব।”

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

এ আলোচনার পর সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়াকে সভাপতি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষে কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

কমিটিতে মন্ত্রণালয়ের মন্ত্রী সংসদ সদস্য হলে পদাধিকারবলে সদস্য থাকবেন।

অন্য সদস্যরা হলেন শরীফুল আলম, এস এম ফয়সল, নাসির চৌধুরী, মো. আব্দুল্লাহ, রেজেকা সুলতানা, মো. আফজাল হোসেন, হাফেজ মোহাম্মদ রবিউল বাশার ও মাহবুবা হাকিম।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি সংসদ বিষয়ক।

এ পর্যন্ত ২৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ২০টি মন্ত্রণালয় সম্পর্কিত। এসব কমিটির কোনোটির সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়া হয়নি।

সংসদ বিষয়ক ছয়টি কমিটির মধ্যে সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতির পদটি বিরোধী দলকে দেওয়া হয়েছে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)