❒ ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষের অনাপত্তি
ধ্রুব ডেস্ক
সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অর্থসহ আটকের বিষয়টি অপপ্রচার। তিনি ব্যবসায়িক প্রয়োজনে এ টাকা বহন করছিলেন। তাকে এ টাকা বহনে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এনওসি দেয়া হয়েছিল।
এ ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।
তিনি বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অর্থসহ আটকের বিষয়টি অপপ্রচার। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি ব্যবসায়িক প্রয়োজনে এ টাকা বহন করছিলেন। তাকে এ টাকা বহনে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়া হয়েছিল। অনাপত্তির বিষয়টি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু সেখান পুলিশ একটি নাটক সাজিয়েছে। প্রশাসন পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে।’
কারা এই পরিস্থিতি তৈরি করেছেন সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা নির্বাচনে হেরে যাওয়ার ভয় করছে, তারাই পরিকল্পিতভাবে এই কাজ করেছে।’