ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সশস্ত্র বাহিনীর তিন শাখার বিশেষায়িত কমান্ডো ইউনিটগুলোর যৌথ সামরিক মহড়া প্রত্যক্ষ করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তিনি হেলিকপ্টারযোগে দ্বীপটিতে পৌঁছান এবং সেখানে বিশেষ সামরিক যান বা অল-টেরেইন ভেহিকল (এটিভি) চালিয়ে সেনা, নৌ ও বিমানবাহিনীর চূড়ান্ত সমর অনুশীলন পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর ঠিক পাশের আসনেই বসা ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় স্বর্ণদ্বীপে অবতরণ করেন সরকারপ্রধান। দ্বীপটিতে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’ শীর্ষক এই বিশেষ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট যৌথভাবে অংশ নিয়েছে। চূড়ান্ত অনুশীলন দেখার পাশাপাশি প্রধানমন্ত্রী নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত দেশীয় সামরিক সরঞ্জামের একটি প্রদর্শনী ঘুরে দেখেন এবং মাঠে থাকা তিন বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা স্বর্ণদ্বীপ একসময় স্থানীয়দের কাছে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত ছিল। ২০১৩ সালে বাংলাদেশ সেনাবাহিনী দ্বীপটির দায়িত্ব নেওয়ার পর থেকেই এটিকে একটি আধুনিক সামরিক প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। গত এক যুগের বেশি সময় ধরে এখানে তিন বাহিনীর সমন্বয়ে নানা ধরনের মহড়া অনুষ্ঠিত হলেও, দেশের ইতিহাসে এবারই প্রথম প্যারা কমান্ডো, সোয়াডস ও বিমানবাহিনীর বিশেষ রেজিমেন্ট একযোগে এমন বিশেষায়িত অনুশীলনে অংশ নিল। দিনব্যাপী কর্মসূচি ও মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।