Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৪:৩৯ পিএম
আপডেট : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৪:৪৮ পিএম
প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছবি: সংগৃহীত

চলমান সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধী দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২১ নভেম্বর) রংপুরে একটি নবনির্মিত স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নতুন করে ভাবার সময় এসেছে। সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলছে, সেখানে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করা হতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তনের জন্য বর্তমান সরকার এবং বিরোধী দলগুলো আলোচনার মাধ্যমে একমত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, দীর্ঘ আন্দোলনের পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ আর কখনোই কোনো বিদেশি শক্তির তাঁবেদারি করবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং লাল-সবুজের পতাকার মর্যাদা সমুন্নত রেখে জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের দিনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের দু-একটি স্থানে পেট্রোল বোমা হামলা চালিয়ে এবং থানায় অগ্নিসংযোগ করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। তাদের ধারণা, এ ধরনের নাশকতার মাধ্যমে শহীদ আবু সাঈদসহ অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করা যাবে। তবে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে কোনো লাভ হবে না বলে তিনি তাদের সতর্ক করে দেন।

সরকারের সহনশীল অবস্থানের ব্যাখ্যা দিয়ে তিনি আরও জানান, বর্তমান প্রশাসন অত্যন্ত মানবিক, ধৈর্যশীল এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। পূর্ববর্তী সরকারের মতো গুম, খুন বা নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পথে বর্তমান সরকার হাঁটতে চায় না বলেই সাম্প্রতিক ঘটনাগুলো অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে। তবে জনগণের চাহিদার ওপর ভিত্তি করেই প্রশাসনিক কাঠামো পরিচালিত হবে উল্লেখ করে তিনি বলেন, কোনো জেলার বাসিন্দারা যদি মনে করেন যে তাদের এলাকায় থানা, সরকারি অফিস-আদালত কিংবা উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রয়োজন নেই, তবে সরকার সেখানে সেসব স্থাপনা রাখবে না।

বক্তব্যের শেষাংশে মীর শাহে আলম দাবি করেন, অতীতে গাড়িতে অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যা ও গুমের মাধ্যমে দেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রমাণ করেছে। এর ফলে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দলটিকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা যে সম্পূর্ণ যৌক্তিক ও সঠিক ছিল, আজ জাতির সামনে তা আবারও স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)