Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মানহীন বিশ্ববিদ্যালয় অনুমোদনে বেড়েছে ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৪:০৬ পিএম
মানহীন বিশ্ববিদ্যালয় অনুমোদনে বেড়েছে ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি

ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি: সংগৃহীত

যথাযথ যাচাই-বাছাই ও গুণগত মান সুনিশ্চিত না করে বিগত ১৭ বছরে যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানহীন এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উচ্চ ডিগ্রির সনদ দিলেও তাদের সম্ভাবনাময় ভবিষ্যতকে মূলত হতাশার দিকে ঠেলে দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ বজায় রাখার বদলে অতিমুনাফা ও ব্যবসার কেন্দ্রে পরিণত হয়েছে বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।

​মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, কেবল কতগুলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো—সেই সংখ্যা দিয়ে উচ্চশিক্ষার সাফল্য পরিমাপ করা সম্ভব নয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত কৃতিত্ব নির্ভর করে এর শিক্ষার গুণগত মান, সময়োপযোগী কারিকুলাম, দক্ষ শিক্ষক এবং শিক্ষার্থীদের অর্জিত বাস্তব জ্ঞান ও মানসম্মত কর্মসংস্থানের সুযোগের ওপর। বর্তমান সংকটময় অবস্থা থেকে দেশের পুরো শিক্ষাকাঠামোকে দ্রুত বের করে আনার আহ্বান জানান তিনি।

​শিক্ষাব্যবস্থার বিদ্যমান বিভাজন ও বৈষম্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ দিন ধরে শিক্ষাক্ষেত্রে বৈষম্য ও সুযোগ-সুবিধার বড় ব্যবধান রয়ে গেছে। একটি টেকসই সমাধানের লক্ষ্যে বিভিন্ন শিক্ষার ধারাগুলোর মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি ঐক্যবদ্ধ ও সমন্বিত জাতীয় শিক্ষানীতি ও ব্যবস্থা গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি আমাদের নিজস্ব ইতিহাস, ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করার পরামর্শ দেন তিনি।

​উচ্চশিক্ষাকে আধুনিক কর্মসংস্থানের চাহিদার উপযোগী করার ওপর গুরুত্ব আরোপ করে আচার্য বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে এমন পাঠ্যক্রম তৈরি করতে হবে যা শিক্ষার্থীদের ব্যবহারিক, কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতায় পারদর্শী করে তুলবে। তরুণদের কেবল চাকরির পেছনে না ছুটিয়ে, তাদেরকে উদ্যোক্তা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

​কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ফলে বিশ্বজুড়ে কর্মসংস্থানের ধারায় বড় পরিবর্তনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি সতর্ক করেন, শুধু একটি ডিগ্রি অর্জনই ভবিষ্যৎ সুরক্ষার জন্য যথেষ্ট নয়। বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে প্রতিনিয়ত শেখার আগ্রহ, স্বাধীন চিন্তাধারা ও জটিল সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করতে হবে। তবে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভর করতে গিয়ে নিজেদের সৃজনশীলতা, সততা, বিবেক ও নৈতিক মূল্যবোধ যেন হারিয়ে না যায়, সে বিষয়েও তিনি তরুণদের সতর্ক করেন।

​স্নাতক অর্জনকারীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন কেবল একটি আনুষ্ঠানিক সনদ প্রাপ্তি নয়, বরং এটি দীর্ঘদিনের সাধনা ও পরিশ্রমের স্বীকৃতি। ডিগ্রি শেষ হলেও একজন পূর্ণাঙ্গ ও নৈতিক মানুষ হয়ে ওঠার চর্চা সারাজীবন জারি রাখতে হয়। সুবিধাপ্রাপ্ত হিসেবে সমাজের ও দেশের প্রতি স্নাতকদের যে দায়বদ্ধতা রয়েছে, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি সবসময় সত্য, ন্যায় ও সততার পক্ষে থাকার আহ্বান জানান।

​অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, উপাচার্য, শিক্ষক, গবেষক এবং উত্তীর্ণ শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, আইইউবির এই ২৭তম সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)