ধ্রুব নিউজ ডেস্ক
নিহত শাহেদের মরদেহ দেশে আসছে আগামীকাল ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) দেশে এসে পৌঁছাবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরদেহ বহনকারী উড়োজাহাজটি সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করতে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদস্থ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নাগরিক শাহেদসহ মোট ১৪ জন নিহত হন। নিহত মো. শাহেদ আহম্মদের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তিনি মো. রফিকুল ইসলাম ও শাহেরা বেগম দম্পতির সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, শাহেদ সৌদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন এবং দেশটিতে তার বৈধ ইকামা (কাজের অনুমতিপত্র) ছিল। সম্প্রতি ভাইয়ের মৃত্যুর কারণে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। ছুটি শেষে রিয়াদ হয়ে জেদ্দায় কর্মস্থলে ফেরার পথেই বিমানবন্দর চত্বরে এই মর্মান্তিক হামলার শিকার হয়ে প্রাণ হারান তিনি।
উল্লেখ্য, ওই বিমানবন্দর হামলায় শাহেদ ছাড়াও মো. নাসরুল্লাহ বদরপুরী নামের আরও এক বাংলাদেশি কর্মী নিহত হন। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। এছাড়া সে সময়কার তথ্য অনুযায়ী, এই হামলায় ২৪ জন বাংলাদেশি আহত হয়েছিলেন বলে জানিয়েছে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।