ধ্রুব নিউজ ডেস্ক
বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি বড় বড় প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংকগুলোকে লক্ষ্য করে সাইবার হামলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে আগাম সতর্কতা এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের মূল ওয়েবসাইটটিতে সাধারণ প্রবেশাধিকার স্থগিত করা হয়। রাত পৌনে ৯টা পর্যন্ত সাইটটিতে দর্শনার্থীরা ঢুকতে পারেননি।
বর্তমানে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে গেলে একটি বার্তা প্রদর্শিত হচ্ছে। এতে বলা হয়েছে— নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কারিগরি কাজের জন্য পরিষেবাটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং খুব শিগগিরই ওয়েবসাইটটি পুনরায় সচল করা হবে।
অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি জানান, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকসহ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হ্যাকারদের ধারাবাহিক নজরদারি ও হামলার চেষ্টা চলছে। তাই সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে ও সার্বিক সাইবার সুরক্ষা জোরদারে অগ্রিম ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রয়োজনীয় সিকিউরিটি আপডেট, প্রযুক্তিগত মূল্যায়ন ও নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়া মাত্রই ওয়েবসাইটটি পুনরায় সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।