ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি সাফ জানিয়ে দিয়েছে, জনগণের রায় ছাড়া কেবল সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার শক্তিতে সংবিধান সংশোধন বা সংস্কারের চেষ্টা কোনোভাবেই সফল হবে না। জনগণের বিরুদ্ধে গিয়ে প্রতারণার রাজনীতি দীর্ঘস্থায়ী হতে পারে না বলেও সরকারকে সতর্ক করেছে দলটির নীতিনির্ধারকেরা।
শনিবার রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে সংবাদিকদের উদ্দেশ্যে আখতার হোসেন বলেন, একদলীয়ভাবে গঠিত সংবিধান সংশোধন কমিটি মূলত মূল সংস্কার প্রক্রিয়ার উল্টো পথে যাত্রা এবং এটিকে ভেস্তে দেওয়ার শামিল। এই নীতিগত অসম্মতির কারণেই জাতীয় নাগরিক পার্টি বর্তমান এই সংশোধন কমিটিতে অংশ নেয়নি এবং ভবিষ্যতেও যাবে না।
তিনি আরও জোর দিয়ে বলেন, অবিলম্বে এই বিতর্কিত ও একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করতে হবে। এর পরিবর্তে গণভোটের স্পষ্ট রায়কে সম্মান জানিয়ে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পুনঃদাবি জানান এই এনসিপি নেতা।
ইতিহাসের প্রসঙ্গ টেনে বিএনপি সরকারের সমালোচনায় আখতার হোসেন বলেন, সরকার মুখে সংস্কারের বড় বড় কথা বললেও তাদের অতীতেও গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে অনিচ্ছার নজির রয়েছে। যেমন ১৯৯০ সালে ‘তিন জোটের রূপরেখা’ স্বাক্ষরের পর ক্ষমতায় এলেও তারা তা বাস্তবায়ন করেনি। একই ধারাবাহিকতায় জুলাইয়ের কাঙ্ক্ষিত সংস্কারগুলো এড়াতেও বিএনপি নেতৃত্বাধীন সরকার এখন নানা টালবাহানা ও ধোঁকাবাজির আশ্রয় নিচ্ছে। ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে পালনের কথা বলে সরকার প্রকৃতপক্ষে জাতির সঙ্গে প্রতারণা করছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব সরকারকে সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী সাংবিধানিক কাঠামো ভেঙে নতুন গণতান্ত্রিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অবিলম্বে পূরণ করতে হবে। তা করতে ব্যর্থ হলে দেশের সচেতন জনগণই এর চূড়ান্ত বিহিত করবে।
একই সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান সংবিধান সংশোধন কমিটি মূলত একজন বিশেষ ব্যক্তির অভিলাষ চরিতার্থ করার উদ্দেশ্যে গঠিত একটি প্রতারণামূলক পদক্ষেপ। তিনি অভিযোগ তোলেন, বর্তমান সরকার বহিরাবরণে জুলাইয়ের চেতনা ধারণের কথা বললেও ভেতরে শেখ হাসিনার ফ্যাসিবাদী কাঠামোকেই টিকিয়ে রাখতে চাইছে। দুর্বল আওয়ামী লীগ সেজে আগামী জাতীয় নির্বাচনকে নিজেদের অনুকূলে ম্যানিপুলেট করার চক্রান্ত চলছে বলেও তিনি মন্তব্য করেন। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়িত না হলে এই আন্দোলন রাজপথের গণ-আন্দোলনে রূপ নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহউদ্দিন সিফাতের সঞ্চালনায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।