নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের কেশবপুর প্রেসক্লাবে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এতে তিন পেশাদার সাংবাদিক আহত হয়েছেন এবং ক্লাবের ভেতরে ভাঙচুর চালানো হয়।
আহতরা হলেন— লোকসমাজ পত্রিকার কেশবপুর প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, দৈনিক কল্যাণের কেশবপুর প্রতিনিধি আবদুল্লাহ আল ফুয়াদ এবং সময়ের খবরের কেশবপুর প্রতিনিধি জাহিদ হাসান।
স্থানীয় সূত্র জানায়, আগামী ২৬ সেপ্টেম্বর কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার সকালে সাংবাদিকরা নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একদল বহিরাগত লোক প্রেসক্লাবে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং আসবাবপত্র ভাঙচুর করে। পরে হামলায় আহত সাংবাদিকদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সাংবাদিক ও প্রেসক্লাব সূত্রে অভিযোগ করা হয়, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডাবলুর নেতৃত্বে বহিরাগতরা মব সৃষ্টি করে এ হামলা চালিয়েছে। তবে অভিযোগের বিষয়ে জানতে ওয়াজেদ আলী খান ডাবলুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফউজ জামান বলেন, “আসন্ন নির্বাচনকে সামনে রেখে বহিরাগতরা এসে জোরপূর্বক প্রেসক্লাব দখলের চেষ্টা চালায় এবং আমাদের ভেতরের আটকে রাখে। পরবর্তীতে তারা মূল প্রেসক্লাব দখল করে নিজেদের মতো করে ৫১ সদস্যবিশিষ্ট একটি স্বঘোষিত আহ্বায়ক কমিটি গঠন করে।”
ঘোষিত ওই কমিটিতে দৈনিক দিনকাল পত্রিকার কেশবপুর প্রতিনিধি মাহাবুর রহমানকে আহ্বায়ক, হারুন আর রশিদকে সদস্য সচিব এবং উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডাবলুকে সদস্য করা হয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “ওখানে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে একটি বিরোধ চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। আমরা দুই পক্ষকে থানায় এসে আলোচনার জন্য বলেছি।”
সাংবাদিকদের ওপর হামলার সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি জানান, “এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”