নিজস্ব প্রতিবেদক
তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা যশোর শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা যশোর শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরতলীর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ। তিনি তাঁর বক্তৃতায় বলেন, "আজকে এই অনুষ্ঠানে না এলে তানযীমুল উম্মাহর কার্যক্রম সম্পর্কে আমার অনেক কিছু অজানা থেকে যেত। আমি ভাবছিলাম এটি আধুনিক ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে হয়তো ব্যতিক্রমী কিছু হবে।" তবে সে ধারণা ভুল ছিল উল্লেখ করে তিনি বলেন, "প্রতিষ্ঠানের প্রসপেক্টাস দেখে ও শিক্ষকদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, বর্তমান আধুনিক বিশ্বে আমাদের প্রথম চ্যালেঞ্জ অর্থনৈতিক এবং দ্বিতীয়টি ঈমান রক্ষার। আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে হয়তো বিসিএস ক্যাডার বা অন্যান্য চাকরি পেয়ে দুনিয়ার আর্থিক সংকট দূর হয়, কিন্তু আখেরাতের প্রাপ্তির ক্ষেত্রে একটি বড় ঘাটতি থেকে যায়।"
তিনি আরও বলেন, "আমরা যেহেতু মুসলিম, তাই শুধু দুনিয়ায় ভালো থাকা আমাদের কাম্য নয়; আখেরাতকে সামনে রেখেই দুনিয়ার পথ পরিচালনা করতে হবে।" অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, "সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মাদরাসায় পাঠানোর পর শুধু শিক্ষকদের ওপর নির্ভর করলেই চলবে না, নিজেদেরও সচেতন থাকতে হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের যশোর শাখাসমূহের তত্ত্বাবধায়ক ও খুলনা জোনাল ইনচার্জ হাফেজ মাওলানা অধ্যক্ষ আ. খ. ম মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ।
মাদরাসার শাখা তত্ত্বাবধায়ক শাহীন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা সহকারী মোস্তফা আল মিসবাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এমএম রবিউল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন যশোর আবাসিক শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মাওলানা আজমল হোসাইন, যশোর আলিয়া শাখার প্রধান আসাদুজ্জামান, প্রি-হিফয শাখার প্রধান সৈয়দ সাইফুর রহমান, উপশহর শাখা প্রধান মাহমুদুল হাসান, পরিচালনা কমিটির সদস্য আবদুল্লাহ আল ফারুক ও মাওলানা আশরাফ আলী। এছাড়া প্রতিষ্ঠানের আমীনুল হিফয, সহ-আমীনুল হিফয, নাজিমাতসহ সকল শিক্ষক-শিক্ষিকা, বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবক, চিকিৎসক, ব্যাংকার, ব্যবসায়ী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিল্পীদের সংগীত পরিবেশনার পাশাপাশি দেশের গান, হামদ-নাত, নাটিকা, অভিনয় এবং আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় বক্তব্যের মাধ্যমে মুগ্ধকর পরিবেশনা তুলে ধরে খুদে শিক্ষার্থীরা।