ক্রীড়া ডেস্ক
এফসি বার্সেলানার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা বরণ করে নেন লিভাকোভিচ-কে ছবি: সংগৃহীত
স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রোয়েশিয়ার তারকা গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। তুর্কি পরাশক্তি ফেনারবাচে থেকে এই ৩১ বছর বয়সী শট-স্টপারকে দলে ভেড়ানোর বিষযটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত আগামী চার মৌসুমের জন্য ক্যাম্প ন্যু-তেই থাকছেন তিনি।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে লিভাকোভিচকে দলে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার খবর জানায় এফসি বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ফেনারবাচে এসকে-র সাথে সফল আলোচনা শেষে ক্রোয়েশিয়ান এই গোলরক্ষককে চার বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে, যার মেয়াদ থাকবে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।
গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই এই ক্রোয়েশিয়ান তারকাকে কাতালুনিয়ায় নিয়ে আসার জোর গুঞ্জন শুরু হয়। স্প্যানিশ চ্যাম্পিয়নদের প্রাথমিক পরিকল্পনা ছিল চলতি মৌসুমে তাকে কিনে অন্য কোনো ক্লাবে ধারে পাঠানো। পরবর্তীতে ভয়চেখ শ্চেসনির চুক্তির মেয়াদ ফুরালে আগামী বছর তাকে ক্লাবের মূল দলে অন্তর্ভুক্ত করার ভাবনা ছিল বার্সা কর্তৃপক্ষের। তবে সাম্প্রতিক সময়ে নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্লাব প্রশাসন। ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়া এই অভিজ্ঞ গোলরক্ষককে এখনই স্কোয়াডে রাখতে চায় তারা। সেই লক্ষ্যেই চলতি সপ্তাহের শুরুতে স্পেনে এসে নিজের শারীরিক পরীক্ষা ও দলবদলের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করেন লিভাকোভিচ।