নিজস্ব প্রতিবেদক
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যোওয়া পিকআপ ছবি: ধ্রুব নিউজ
যশোরের হামিদপুর এলাকায় দাঁড়িয়ে থাকা এক কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় নেছার উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল সড়কের কোতোয়ালি থানাধীন হামিদপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নেছার উদ্দিন এবং আহত অনিক (২৩) ও জিয়া (৫৫) সবার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলাটগঞ্জ এলাকায়।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পিকআপটি কুমিল্লা থেকে পণ্য নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। ভোরে হামিদপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজনই মারাত্মকভাবে আহত হন।
পরে খবর পেয়ে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার পুরুষ সার্জারি ওয়ার্ডে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
আহত অনিক ও জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত (রেফার্ড) করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।