নিজস্ব প্রতিবেদক
যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ৩০০-এর বেশি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে ‘বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৩০০-এর বেশি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে যশোর সদরের সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ সারাফাত হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর শাখার নির্বাহী সচিব গাউসুল আযম ও পরিচালক মোস্তফা কামালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক শিক্ষক মুজাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল আহমেদ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছের চারা রোপণ ও তা পরিচর্যা করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জি এম আবু ফয়সাল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দেন।