Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২২ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরের জমে উঠেছে বৃক্ষমেলা

নিজেস্ব প্রতিবেদক নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৭:২০ পিএম
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৯:৪৮ পিএম
যশোরের জমে উঠেছে বৃক্ষমেলা

যশোরের জমে উঠেছে বৃক্ষমেলা ছবি: নিজেস্ব প্রতিবেদক

আষাঢ়ের মনোরম আবহাওয়ায় নানা রঙের ফুল, ফল ও নান্দনিক পাতার সমারোহে জমে উঠেছে যশোর টাউন হল ময়দানের সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। গত শনিবার উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে নেমেছে গাছপ্রেমী মানুষের ঢল। বিকেল গড়াতেই পুরো মাঠটি প্রকৃতিপ্রেমী ও ক্রেতা-দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মোট ৩২টি স্টল বাহারি রঙের দেশি-বিদেশি ফুল, ফল, ওষুধি এবং ইনডোর প্ল্যান্টে সাজানো হয়েছে। দুপুরের পর থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী, গৃহিণী ও ছাদবাগানীদের উপস্থিতি চোখে পড়ার মতো। এবারের মেলার বিশেষ আকর্ষণ বিভিন্ন দুর্লভ ও বিলুপ্তপ্রায় প্রজাতির গাছ এবং সুদৃশ্য বনসাই।

‘পথিক কর্নার’ স্টলের স্বত্বাধিকারী শাহীন ইকবাল জানান, যশোর অঞ্চলে সচরাচর না মেলা দুর্লভ ‘তমাল’ গাছের বনসাই নিয়ে এসেছেন তারা। এছাড়াও তাদের স্টলে শোভা পাচ্ছে বিলুপ্তপ্রায় শেওড়া, পাকুর, নিমবর ও অ্যাডিনিয়ামের দৃষ্টিনন্দন বনসাই। তাদের স্টলে সর্বোচ্চ ২২ হাজার টাকায় তমাল বনসাই এবং ১ হাজার টাকায় অ্যাডিনিয়াম বিক্রি হচ্ছে।

তিনি আরও জানান, আমাদের লক্ষ্য কেনাবেচা না। আমরা চাই গাছের সৌন্দর্য়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে।

দেশি গাছের পাশাপাশি বিদেশি ও হাইব্রিড জাতের চারা কিনতে ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি। থাই ও ভিয়েতনামি বারোমাসি আম, কাটিমন, বিখ্যাত মিয়াজাকি (সূর্যডিম) আম, থাই জাম্বুরা এবং বারোমাসি লেবুর চারা মেলায় বিশেষ স্থান দখল করে আছে। পাশাপাশি ফ্ল্যাট বাড়ির সৌন্দর্য বাড়াতে ক্যাকটাস, সাকুলেন্ট, মানিপ্ল্যান্ট, মনস্টেরা ও হরেক রকমের বিদেশি অর্কিডের স্টলে তরুণ-তরুণীদের ভিড় জমছে।

শুধু চারা বিক্রিই নয়, বৃক্ষমেলায় অভিজ্ঞ নার্সারি কর্মীরা বিনামূল্যে দর্শনার্থীদের টবের মাটি প্রস্তুতকরণ, জৈব সারের সঠিক নিয়ম ও ছত্রাকনাশক ব্যবহারের দরকারী পরামর্শ দিচ্ছেন।

মেলায় আসা ক্রেতা ইয়াসিন আরাফাত বলেন, একসাথে এত প্রজাতির দেশি-বিদেশি গাছ দেখে খুব ভালো লাগছে। তবে দামটা সামান্য বেশি মনে হচ্ছে।

আরেক ক্রেতা লতিফা ইয়াসমিন জানান, আষাঢ়ের বৃষ্টির কারণে মাঠে খানিকটা কাদা থাকলেও ফল, ফুল ও ওষুধি গাছের দারুণ সংগ্রহ রয়েছে। বাসার জন্য কিছু গাছ পছন্দ করেছি, দরদামে মিললে কিনে নেব।

মেলার বেচাকেনা নিয়ে তন্দ্রা নার্সারির মালিক আব্দুল আলীম জানান, বেচাকেনা মোটামুটি হচ্ছে। মেলার বাকি দিনগুলোতে কেনাবেচা আরও জমবে বলে আশা করছেন তারা।

বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ) যশোরের অনিতা মন্ডল জানান, মেলায় সরকারি ২টি এবং ৩০টি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে। বৃষ্টির কারণে শুরুতে দর্শনার্থী কিছুটা কম থাকলেও মেলার বাকি দিনগুলোতে বিক্রি অনেক বাড়বে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, গাছ বিক্রির পাশাপাশি মানুষের মাঝে গাছের সৌন্দর্য ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই এ মেলার মূল লক্ষ্য। আগামী ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত যশোর টাউন হল ময়দানের এই বৃক্ষমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)