ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। একই সঙ্গে তিনি দাওয়াতি কার্যক্রম জোরদার, সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা এবং সাংগঠনিক দায়িত্ব সততা ও নৈতিকতার সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
আজ শনিবার (১১ জুলাই) সকাল ৮টায় যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে রোকন সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক গোলাম রসুল এমপি।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং অধ্যাপক জয়নাল আবেদীন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. আবিদুর রহমান, অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, অধ্যাপক মিজানুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আমির, সেক্রেটারি এবং রোকনবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সংগঠনকে আরও সুসংগঠিত করে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একজন রোকন শুধু সংগঠনের সদস্য নন, তিনি ইসলামী আন্দোলনের একজন আদর্শ কর্মী। তাই ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক কর্মকাণ্ডে ইসলামী আদর্শের প্রতিফলন ঘটানোর পাশাপাশি দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করতে হবে।
সম্মেলনে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।