বেনাপোল প্রতিনিধি
নির্ধারিত সময়ের তুমুল লড়াই শেষে ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। আর সেখানেই খেই হারিয়ে ফেলল রেলওয়ে হ্যান্ডলিং শ্রমিক দল। অতিরিক্ত সময়ের দুর্দান্ত নৈপুণ্যে ২ গোল আদায় করে ৩–১ ব্যবধানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে রেলওয়ে বন্ধু মহল।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল স্টেশন মাঠে অনুষ্ঠিত হয় একদিনের এই প্রীতি ফুটবল ম্যাচ। স্থানীয় ক্রীড়াপ্রেমী, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের উপস্থিতিতে ম্যাচটিকে ঘিরে মাঠজুড়ে তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে ওঠে দুই দল। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ হলেও গোলবঞ্চিত থাকতে হয় উভয় পক্ষকেই। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের আসল উত্তেজনা ছড়ায় দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে। ধারার বিপরীতে আচমকা গোল করে বসেন রেলওয়ে হ্যান্ডলিং শ্রমিক দলের স্ট্রাইকাররা। ১–০ গোলে পিছিয়ে পড়ে যখন বন্ধু মহলের পরাজয় সময়ের ব্যাপার মনে হচ্ছিল, ঠিক তখনই নাটকীয় মোড়। গোল খাওয়ার মাত্র দুই মিনিটের মাথায় দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে সমতায় (১–১) ফেরে রেলওয়ে বন্ধু মহল।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১–১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় রেলওয়ে বন্ধু মহল। স্ট্যামিনা ও পাসিং ফুটবলে প্রতিপক্ষকে কুপোকাত করে আরও দুটি দর্শনীয় গোল আদায় করে নেয় তারা। শেষ পর্যন্ত ৩–১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে বন্ধু মহল।
খেলা শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল তুলে দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. আতিকুজ্জামান (সনি)। আয়োজক সদস্য ছিলেন বেনাপোল স্টেশনের স্টেশন মাস্টার মো. আয়নাল হক, আরএনবি কর্মকর্তা আসাদুজ্জামান রানা এবং মো. শুকুর আলী।
অনুষ্ঠানে খেলোয়াড়দের পাশাপাশি বিশেষ সম্মাননা মেডেল প্রদান করা হয় রেলওয়ে হ্যান্ডলিং শ্রমিক সংগঠনের সভাপতি রমজান আলী, রিজাউল ইসলাম (মাস্টার) সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দকে।