ঝিকরগাছা প্রতিনিধি
গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্প পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ছবি: ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন ও কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
শুক্রবার (১৯ জুন) তিনি উপজেলার মাগুরা, গঙ্গানন্দপুর, শিমুলিয়া, নাভারন ও নির্বাসখোলা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় কাবিখা, কাবিটা, টিআর ও নগদ অর্থ বরাদ্দের বিভিন্ন প্রকল্পের কাজ তিনি পর্যবেক্ষণ করেন। এ কর্মসূচির আওতায় ২২টি প্রকল্পে প্রায় ৩০ লাখ টাকা এবং ২২ মেট্রিক টন গমের বিপরীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
পরিদর্শনকালে তিনি মাগুরা ইউনিয়নের কায়েমকোলা দক্ষিণপাড়া মিলনের বাড়ি থেকে ঈদগাহ পর্যন্ত রাস্তার ইটের সলিংকরণ (বরাদ্দ ১ লাখ ৪৫ হাজার টাকা), আটলিয়া দারুস সুন্নাহ কমপ্লেক্সের উন্নয়ন (১ লাখ ৪৫ হাজার টাকা), গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর-কাশিপুর পাকা সড়ক থেকে ইউনিয়ন পরিষদের চাতাল পর্যন্ত রাস্তার আরসিসি ঢালাই (১ লাখ ৪৫ হাজার টাকা), শিমুলিয়া ইউনিয়নের পাল্লা গ্রামের হান্নানের বাড়ি থেকে লাল মিয়ার বাড়ি অভিমুখে ফ্ল্যাট সলিংকরণ (২ লাখ টাকা), নাভারন ইউনিয়নের বায়সা পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন সেলিম মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়ন (২ লাখ টাকা), নির্বাসখোলা ইউনিয়নের রাজারডুমুরিয়া হাজী খলিলুর রহমানের আমবাগান সংলগ্ন ইটের সলিং হতে মসজিদ অভিমুখে রাস্তা সলিংকরণ (১ লাখ ৪৫ হাজার টাকা) এবং চেয়ারম্যানের পারিবারিক কবরস্থান হতে আকিজ বিড়ি ফ্যাক্টরি অভিমুখে রাস্তা ইটের সলিংকরণ (২ লাখ টাকা) প্রকল্প পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বরাদ্দপ্রাপ্ত অন্যান্য প্রকল্পের কাজও পর্যায়ক্রমে সম্পন্ন হবে।
প্রকল্পগুলোর নির্মাণমান যাচাই করতে সংসদ সদস্য নিজেই ফিতা দিয়ে রাস্তার প্রস্থ মেপে দেখেন এবং ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও মতবিনিময় করেন।
স্থানীয়দের উদ্দেশে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, এসব উন্নয়ন প্রকল্প জনগণের সুবিধার জন্য বাস্তবায়ন করা হচ্ছে। সব কাজ নিয়মিত আমার পক্ষে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাই আপনারাও কাজের মান দেখবেন। কোথাও কোনো অনিয়ম বা নিম্নমানের কাজ চোখে পড়লে আমাকে জানাবেন। জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
পরিদর্শনের এক পর্যায়ে নির্বাসখোলা ইউনিয়নের রাজারডুমুরিয়া এলাকায় একটি রাস্তার সলিংকরণ কাজে নিম্নমানের ইট ব্যবহার করতে দেখে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে ইট পরিবর্তনের নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয় জনগণকে নিজ নিজ এলাকার উন্নয়ন কাজ বুঝে নেওয়া এবং নিয়মিত তদারকি করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জালাল আহমেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুজাহিদুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, উন্নয়নাধীন এসব গ্রামীণ সড়ক একাধিক গ্রামের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা থাকার কারণে বর্ষাকালে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে কৃষক, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতেন। প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।