বেনাপোল প্রতিনিধি
অজ্ঞানপার্টির কবলে পড়া তিনজন ছবি: ধ্রুব নিউজ
বেনাপোল রেলস্টেশনে শনিবার সকালে বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে তিন যাত্রীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভ্রমণের পথে তারা ‘অজ্ঞান পার্টি’র কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন।
শনিবার (২ মে) সকাল ৮:৩০ মিনিটের দিকে ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছালে সহযাত্রীরা তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, চুয়াডাঙ্গা থেকে বেনাপোল আসার পথেই কোনো এক সময় চক্রটি তাদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ফেলে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। চিকিৎসাধীন অবস্থায় জ্ঞান ফিরে পাওয়া আব্দুল্লাহ আল মামুন (৩৬) জানিয়েছেন, তার বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকায়।
অপর দুইজনের এখনো সজ্ঞা ফেরেনি।
বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, প্রাথমিক আলামত দেখে এটি অজ্ঞান পার্টির কাজ বলেই ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। এই অপরাধী চক্রটিকে শনাক্ত করতে কাজ শুরু হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’