ধ্রুব ডেস্ক
রাতে ঘটনা ঘটলেও স্থানীয়রা সকালে উদ্ধার অভিযান পরিচালনা করেন । ছবি: সংগৃহীত
ঝড়ে বাড়ির ওপর গাছ পড়ে জামালপুরের মেলান্দহ উপজেলায় মা ও ২ মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।
এর আগে, রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন মা ও দুই মেয়ে। এ সময় ঝড়ে একটি বড় মেহগনি গাছ বসতঘরের ওপর ভেঙে পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা মা ও দুই মেয়ে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
রাতে তাদের মৃত্যু হলেও সকালে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে।
ধ্রুব/এস.আই