Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উর্মি রহমানের কবিতা

কবিতা কবিতা
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ১২:৩১ এ এম
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ০২:১৯ এ এম
উর্মি রহমানের কবিতা

বেদনার বৈশাখ

তোমার দেওয়া লাল শাড়িতে কেটেছিলো গত বৈশাখ।

লাল শাড়ি, চুড়িতে উত্তাল প্রেমে মেতেছিলাম আমিও।

তোমার হাত ছুয়ে ঘুরে বেড়িয়েছিলাম শহরের অলিগলি।

সেদিন হতে গোপন ছিলো না আর আমাদের প্রেম।

আমাদের বৈশাখী প্রেমের স্মৃতি আর অভিসারের গল্প,

এখন সরব শহরের সব লোক মুখে।

এবার বৈশাখে কথা ছিলো একজোড়া হলুদ পাখি হবার।

দুজনে এক সাথে ডানা মেলে উড়বার কথা ছিলো। 

তোমার হলুদ পাঞ্জাবীর পকেটে আমার নামে আনবার কথা ছিলো বেলী ফুলের মালা। 

আজ বৈশাখের প্রথম দিনে তুমি হলুদ পাঞ্জাবী পরেছে 

সে পকেটে বেলী ফুলের মালাও এনেছ। 

শুধু তোমার প্রেমের নাম বদল হয়েছে।

আমার আর হলুদ পাখি হওয়া হয় নি।

বৈশাখের প্রথম দিনে আমি পরেছি একটা নীল শাড়ি।

তিল

আমাকে পাবার আগে,

তুমি আমাকে আবিষ্কার করতে চাইতে।

আমি মুগ্ধ হয়েছিলাম,যখন জানলাম

তুমি আমার ঠোঁটের তিল দেখেই

একজন্ম কাটিয়ে দেবে বলে ভেবেছো।

আমিও প্রেমে পড়লাম।

নিজেকে আবিষ্কৃত হতে দেখার বাসনা হলো আমার।

তুমি আবিষ্কার করলে,

আমার আরো দু'টো গভীর কালো তিল!

তার পর আরো দু'টো।

এখন আর আমার ঠোঁটের তিল তোমায় টানে না।

মৃদু আলোয় তুমি আরো

চারটে তিল খুঁজতে থাকো।

নতুন কিছুর খোঁজ না পেয়ে, হতাশ হও!

অথচ তুমি জানোই না, ভালোবাসলে

একটা তিলকেই বার বার আবিষ্কারের

আনন্দ পাওয়া যায়।

আমার অগণিত প্রেমিক ছিলো

এর আগে আমাকে কেউ এভাবে ভালোবাসেনি।

কি ভীষণ ভালোবাসার ক্ষুধা নিয়ে কাটিয়েছি

আমার কৈশোর আমার যৌবনের উচ্ছ্বল সময়।

আমি কাউকেই এভাবে আমার প্রেমে পড়তে দেখিনি।

আমার অগণিত প্রেমিক ছিলো।

তাদের কারো চোখেই আমি

আমার জন্য এরকম ভালোবাসা দেখিনি।

ডুবে যাবার মতো গভীরতা কোন চোখেরই ছিলো না।

আমি তোমার চোখে তাকালেই হাবুডুবু খাই।

আমার জন্য, তোমার প্রেম বৃষ্টি হয়ে ঝরে পড়ে

 তোমারই কন্ঠস্বরে।

আমি ভিজে যায়  এক নিমেষে, চুল থেকে নখ।

এর আগে, কোন প্রেমিকের ডাকে

আমার বুকের ভেতর এমন ঝড় ওঠেনি।

মনে হয়নি সব নিয়ম ভেঙে ফেলি এক ঝটকায়।

তুমি ডাকলে আমি নিজেকে আটকাতে পারি না

ভুলে যেতে থাকি সকল নিয়ম নীতির হিসাব।

তুমি ও তোমার ভালোবাসা

আমাকে টেনে নিতে থাকে মহাকর্ষণের মতো।

এর আগে আমি কাউকে এভাবে

ভেঙেচুরে ভালোবাসতে দেখিনি।

আমার প্রেমিক ছিলো অগণিত।

তাদের কারো চোখে, আমি বনলতা সেন হয়ে উঠিনি

আমার জন্য কেউ কখনো

 কবিতার আসর খুলে বসতে চাইনি।

আমার জন্য বইয়ের মেলা খুলেও বসতে চাইনি।

আমার জারুল ভালো লাগে বলে,

কেউ গোটা শহরে জারুল ফুলের চাষ করেনি।

আমার তো, অগণিত সুদর্শন প্রেমিক ছিলো।

তাদের কাউকে আমি,

আমাকে এমন করে ভালোবাসতে দেখিনি।

আমার অভিমান হবে ভেবে কাউকে

মাঝরাতে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে

আমার দিন পাঁচালী এক মনে শুনতে দেখিনি।

আমার ভয়ে ভুলগুলো লুকোতে গিয়ে,

বলে দিতেও দেখিনি।

আমাকে না ছুঁয়েই, আমার সাথে

ধুলোবালি সংসার সাজাতে দেখিনি।

কিছু না চেয়েই আমার নামে

এক পৃথিবী লিখে দিতে পারে

এমন কোন প্রেমিক দেখিনি।

অন্ধকারে কেঁদেছিলাম বলে,

শহরের সব বাতি জ্বালিয়ে দিতেও

এর আগে কাউকে দেখিনি।

তুমি ছাড়া কারো চোখে নিজেকে

এমন ভাবে আবিষ্কারে আনন্দ পাইনি।

সত্যি বলছি, তিন সত্যি

আমার জন্য, আমি কাউকে

এমন পাগল করা ভালোবাসা বুকে পুষতে দেখিনি।

আমার তো অগণিত প্রেমিক ছিলো।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)