নিজস্ব প্রতিবেদক
প্রধান আসামি মো. মঈন উদ্দিন ছবি: সংগৃহীত
রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে সংঘটিত চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মঈন উদ্দিনকে (৪২) নড়াইল থেকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৩ এপ্রিল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানাধীন দাদনতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজধানীর শ্যামলীতে গত ১০ এপ্রিল সংঘটিত চাঁদাবাজির মামলার ১ নম্বর পলাতক আসামি মঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মঈন উদ্দিন মো. মফিজুর রহমানের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, মঈন উদ্দিনসহ অন্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন সকালে তারা ভুক্তভোগীর শ্যামলীর বাসায় গিয়ে চাঁদা দাবি করে। ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
এ ঘটনায় সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকায় শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।