নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক ড. ইয়ারুল কবীর ছবি: ধ্রুব নিউজ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক নাটকীয় আবহের মধ্য দিয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর। আজ সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যখন যবিপ্রবি ক্যাম্পাসে অবস্থান করছিলেন, ঠিক তখনই শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বিকেলে যবিপ্রবিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করছিলেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। অনুষ্ঠান চলাকালেই অধ্যাপক ড. ইয়ারুল কবীরকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার খবরটি আসে ক্যাম্পাসে।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে 'যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১' এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ইয়ারুল কবীরকে এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর।
নতুন এই নিয়োগের ফলে তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। এছাড়া তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
ক্যাম্পাস সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান উপাচার্যের সভাপতিত্বে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানের মধ্যেই নতুন উপাচার্যের নাম ঘোষণা হওয়ার বিষয়টি বেশ নজিরবিহীন ও চমকপ্রদ।