বেনাপোল (শার্শা) প্রতিনিধি
মঙ্গলবার রাত ৮টার দিকে বেনাপোলের হোটেল সানরূপে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। বি.কে.এস ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে বেনাপোলের হোটেল সানরূপে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সংসদ সদস্য আলী কদরের জ্যেষ্ঠ পুত্র বাবলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.কে.এস-এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদার করবে।
প্রস্তুতি সভায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজোহা সেলিম, যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, অচিরেই টুর্নামেন্ট উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে এবং একটি সুষ্ঠু ও উৎসবমুখর আয়োজন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হয়েছে।