ধ্রুব ডেস্ক
বাড়ছে তাপ, গরমে শুরু হয়েছে অস্বস্তি ছবি: সংগৃহীত
দেশজুড়ে বেড়েছে গরমের দাপট। সেই সঙ্গে রয়েছে বজ্র ও শিলাবৃষ্টির হানা। এমন পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছে অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, চলতি মাসেই তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৭ দিন হালকা অথবা মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, এ মাসেই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। পাশাপাশি ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯°সে.)/মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আজ শুক্রবার দুপুরে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭° সেলসিয়াস। তবে বাতাসে আর্দ্রতা ও রোদের তীব্রতার কারণে তা অনুভূত হচ্ছে প্রায় ৩৯° সেলসিয়াসের মতো। গুগল ওয়েদার এ তথ্য দিয়েছে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি এপ্রিল মাসে যশোরে তাপমাত্রার পারদ আরও চড়ার আশঙ্কা রয়েছে। এ মাসে ১-২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। আজ আকাশ প্রধানত রোদোজ্জ্বল থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা ঘণ্টায় ৮ মাইল বেগের বাতাসও স্বস্তি দিতে পারছে না।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাতের তাপমাত্রা ২৬° সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে আপাতত বৃষ্টির কোনো লক্ষণ না থাকায় গরমের এই তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া মাসের শেষভাগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ও দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর শঙ্কার কথা আগেই জানিয়েছে আবহাওয়া বিভাগ।