❒ স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাশিপুর বিওপি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। ছবি: ধ্রুব নিউজ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাশিপুর বিওপি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে।
বিজিবির মহাপরিচালকের পক্ষে যশোর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের নেতৃত্বে একটি চৌকস দল এ কর্মসূচিতে অংশ নেয়।
এ সময় বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বীরশ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোর ব্যাটালিয়নের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। প্রতিবছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ধ্রুব/এস.আই