মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোমবার বিকেলে ছবি: ধ্রুব নিউজ
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের রাজবাড়ীয়া গ্রামে আজ সোমবার (২৩ মার্চ) বিকেলে একটি চলন্ত মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল বেলা একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে রাজবাড়ীয়া গ্রাম দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই চলন্ত অবস্থায় গাড়িটির যান্ত্রিক ত্রুটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গাড়িটি থামিয়ে যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার নির্দেশ দেন।
যাত্রীরা গাড়ি থেকে নিরাপদে নেমে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুরো মাইক্রোবাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে গাড়িটি ভস্মীভূত হতে শুরু করে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখার কাছে তারা অসহায় হয়ে পড়েন।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই মাইক্রোবাসটির অধিকাংশ অংশ পুড়ে কঙ্কাল হয়ে যায়।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় মাইক্রোবাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো যাত্রী বা পথচারী আহত বা নিহত হননি। ফায়ার সার্ভিস প্রাথমিক ধারণায় জানিয়েছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।