নিজস্ব প্রতিবেদক
ছবি: ফাইল
আম বয়ামের মাধ্যমে আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) ফজরের পর যশোরে শুরু হয়েছে দিল্লীর নিজামুদ্দিন মারকাজের অনুসারী (মাওলানা সাদপন্থী) তাবলিগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমা। যশোর উপশহরস্থ জেলা মারকাজ মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এই ইজতেমায় দেশ-বিদেশের প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নিচ্ছেন।
ইজতেমা ব্যবস্থাপনা কমিটির প্রধান ও কেশবপুর তাবলিগ জামাতের আমীর ইমারাত হোসেন জানান, আজ থেকে শুরু হওয়া এই ইজতেমা আগামী ২৯ নভেম্বর রোববার ফজরের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তবে আজ জুমার নামাজের মাধ্যমে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এবারের ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিদের পাশাপাশি ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশের বিদেশি মেহমান অংশ নিয়েছেন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমায় আগত মুসল্লিদের ইবাদত, থাকা-খাওয়া ও অবস্থানের জন্য বিশাল প্যান্ডেল ও তাবু স্থাপন করা হয়েছে। মাঠের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে নিজস্ব স্বেচ্ছাসেবক দল। পাশাপাশি মুসল্লিদের দৈনন্দিন ব্যবহারের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
এর আগে ইজতেমার সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তাবলিগ জামাতের যশোর জেলা আমীর ইঞ্জিনিয়ার খায়রুল আমীন এবং ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য ইয়ামিনুর রহমানসহ স্থানীয় মুরুব্বিরা উপস্থিত ছিলেন।