Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইউরোপের আকাশে বোমাতঙ্কে বিশৃঙ্খলা, একাধিক বিমানের পথ পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৮:৪০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৮:৪৭ পিএম
ইউরোপের আকাশে বোমাতঙ্কে বিশৃঙ্খলা, একাধিক বিমানের পথ পরিবর্তন

ছবি: সংগৃহীত

যাত্রীবাহী বিমানে ধারাবাহিক বোমা হামলার হুমকির জেরে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের আকাশসীমা। সাম্প্রতিক সময়ে প্রায় ১০টি আন্তর্জাতিক ফ্লাইট এই ধরনের হুমকির মুখে পড়ার পর জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে সংশ্লিষ্ট দেশগুলো।

ফরাসি সরকার এই পরিস্থিতি নিশ্চিত করে জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

ডাবলিন থেকে রোমগামী ফ্লাইট ঘুরিয়ে দিল ফ্রান্স বৃহস্পতিবার দুপুরের দিকে প্রথম বোমা হামলার হুমকি আসে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন থেকে ইতালির রোমগামী ‘এয়ার লিঙ্গাস’-এর একটি ফ্লাইট থেকে। ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিমানটিকে আয়ারল্যান্ড থেকে ইতালি যাওয়ার পথে পশ্চিম ফ্রান্সের নরম্যান্ডির এভ্রো (Évreux) সামরিক বিমান ঘাঁটিতে নিরাপদে অবতরণ করানো হয়।

ফ্লাইটটিতে ১৫১ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। সবাই অক্ষত ও নিরাপদ আছেন বলে জানানো হয়েছে। ইতোমধ্যে সামরিক বোমা নিষ্ক্রিয়করণ দল বিমানটিতে তল্লাশি চালাচ্ছে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নুর কার্যালয় জানিয়েছে, তারা অত্যন্ত সতর্কতার সাথে বিষয়টি রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করছেন। ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী, এয়ার লিঙ্গাসের বিমানটি প্যারিসের দিকে এগোনোর সময় হঠাৎ গতিপথ পরিবর্তন করে এবং এভ্রো ঘাঁটিতে অবতরণের আগে আকাশে বেশ কয়েক চক্কর কাটে।

ওয়ারশ এবং হেলসিঙ্কি ফ্লাইটেও আতঙ্ক পোলিশ বিমান সংস্থা ‘এলওটি পোলিশ এয়ারলাইন্স’-এর ওয়ারশ থেকে ব্রাসেলসগামী আরেকটি ফ্লাইটও সন্দেহজনক প্রতিবেদনের মুখে পড়ে। তবে বিমানটি ব্রাসেলস বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বেলজিয়ামের সংবাদমাধ্যম ‘লে সোয়ার’-কে বিমানবন্দরের মুখপাত্র ইহসান চিউয়া লেখলি জানান, অতিরিক্ত কোনো বড় নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন না হলেও পরিস্থিতি নিবিড়ভাবে নজরদারিতে রাখা হয়েছে।

এ ছাড়া ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে রোমগামী ‘ফিনএয়ার’-এর একটি বিমানে বোমা হামলার সতর্কতার পর, ইতালীয় বিমান বাহিনীর ফাইটার জেট পাহারায় সেটিকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। মিলান থেকে রোমগামী আরও একটি ফ্লাইটেও একই ধরনের হুমকি আসে। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের পুলিশ জানিয়েছে, বোমা হামলার হুমকি পাওয়া আরও চারটি বিমান প্রাগ বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছে।

হাইব্রিড হুমকির আশঙ্কা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে ইউরোপজুড়ে বিভিন্ন ফ্লাইটে ভুয়া বোমা হামলার হুমকি পাওয়ার এটিই সর্বশেষ ঘটনা। এর আগে বুলগেরিয়াগামী একটি বিমান আকাশে থাকাকালীন বোমা হুমকির মুখে পড়লে সেটিকে হাঙ্গেরিতে ঘুরিয়ে দেওয়া হয়। এই ধারাবাহিক ভুয়া হুমকির কারণে বিভিন্ন স্থানে জরুরি তল্লাশি, ফ্লাইট ডাইভারশন এবং যুদ্ধবিমানের এসকর্ট ব্যবহার করতে হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা নতুন না হলেও বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনার সময়ে এগুলোর পুনরাবৃত্তি ইউরোপে এক ধরনের ‘বিশৃঙ্খলা’ তৈরি করছে। সম্প্রতি সুপারমার্কেটের রেফ্রিজারেশন সিস্টেমে নাশকতা, ইউরোপীয় আকাশসীমায় রহস্যময় ড্রোন অনুপ্রবেশ এবং অ্যালার্ট অ্যাপে অজানা সংকেত পাঠানোর মতো হাইব্রিড হুমকিও ইউরোপীয় কর্তৃপক্ষকে চরম উদ্বেগে ফেলেছে।

সূত্র: আরব নিউজ

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)