আন্তর্জাতিক ডেস্ক
ছবি: এআই প্রণীত গ্রাফিকস
ইসরায়েলের প্রধান আরব রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’ নতুন সরকার গঠনের জন্য বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে জোটটি জানায়, তারা ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজগকে আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে।
গত সপ্তাহে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ১২০টি সংসদীয় আসনের মধ্যে আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলো অভূতপূর্বভাবে ১৯টি আসন জয় করেছে। এর ফলে পরবর্তী সরকার গঠনে তারা এখন সম্ভাব্য প্রধান নির্ধারক শক্তিতে পরিণত হয়েছে। নির্বাচনে স্পষ্ট কোনো বিজয়ী না থাকায় রাষ্ট্রপতি আইজ্যাক হারজগ নতুন জোট সরকার গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শুরু করেছেন। বুধবার রাতে আলোচনার সূচনা করে রাষ্ট্রপতি সব দলীয় নেতাকে সতর্ক করে বলেন, নতুন নির্বাচন এড়াতে হলে সবাইকে কিছু ছাড় দিতে হবে এবং “সব অঙ্গীকার ও প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয়।”
বর্তমানে সংসদীয় সমীকরণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি এবং তার কট্টর-ডানপন্থী ও অতি-গোঁড়া ইহুদি মিত্ররা নেসেটে ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, আইজেনকোটের মধ্যপন্থী ইয়াশার পার্টি এবং তার জোটের অন্য তিনটি ইহুদি বিরোধী দল অর্জন করেছে ৪৮টি আসন। কিন্তু কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) না পাওয়ায়, দুটি আরব নেতৃত্বাধীন জোট—ইউনাইটেড আরব লিস্ট এবং জয়েন্ট লিস্ট—এর যৌথভাবে পাওয়া ১৯টি আসন সরকার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইতোমধ্যে নেতানিয়াহুর মূল ভিত্তির তিনটি দল তাকে পুনরায় প্রধানমন্ত্রী করার সুপারিশ করলেও তার সাবেক এক মিত্রের নেতৃত্বাধীন চতুর্থ দলটি আইজেনকোটকে সমর্থন দিয়েছে। বৃহস্পতিবারে দুই আরব দলসহ মোট আটটি দলের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে, যার শেষভাগে আইজেনকোটের ইয়াশার পার্টি ও নেতানিয়াহুর লিকুদ দল তাদের অবস্থান স্পষ্ট করবে।
এদিকে, নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। আরব ভোটারদের রেকর্ড উপস্থিতি চলাকালীন তাঁদের এক আইনপ্রণেতার বিরুদ্ধে বিদেশি অর্থ গ্রহণের অভিযোগ ওঠায় জয়েন্ট লিস্ট তা “রাজনৈতিক নিপীড়ন” হিসেবে নিন্দা জানিয়েছে। অপরদিকে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ আরও জোরালো করে এক ভিডিও বার্তায় দাবি করেন, বিদেশি রাষ্ট্রগুলো বিপুল অর্থ ঢেলে ইসরায়েলের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করেছে।
সূত্র: আরব নিউজ