নিজস্ব প্রতিবেদক
যশোর: ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মোখলেছুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোখলেছুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সর্দারপাড়ার দেলদার আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালান। এ সময় বাসের জন্য অপেক্ষমাণ মোখলেছুর রহমানকে আটক করে তাঁর কাছে থাকা দুটি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘটনার দিনই এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটির তদন্ত শেষে আসামি মোখলেছুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই মোশাররফ হোসেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন।