ধ্রুব ডেস্ক
দেশের বিভিন্ন সরকারি দপ্তরে খালি থাকা সাড়ে পাঁচ লাখেরও বেশি পদে নিয়োগ দিতে উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরগুলোতে বিদ্যমান এসব শূন্যপদ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পূরণে ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।
নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সরকারি চাকরির সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি জানান, ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ ফাঁকা রয়েছে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও দাপ্তরিক কাজ গতিশীল করতে এ বিশাল সংখ্যক শূন্যপদে দ্রুত নিয়োগপ্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রণীত কর্মপরিকল্পনার আওতায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে ধাপে ধাপে প্রায় পাঁচ লাখ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেছে। দ্রুততম সময়ের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং তা বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে কাজ করতে সব দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপের কথা জানান প্রতিমন্ত্রী। বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএসসহ অন্যান্য পরীক্ষায় প্রশ্ন জালিয়াতি, আর্থিক দুর্নীতি ও ইলেকট্রনিক প্রতারণা বন্ধে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে সরকার। বর্তমানে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র মুদ্রণ করা হচ্ছে এবং প্রশ্ন সংরক্ষণের ভল্টরুমে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে ফেসলক (মুখমণ্ডল শনাক্তকরণ) প্রযুক্তি চালু করা হয়েছে।