নিজস্ব প্রতিবেদক
যশোর-খুলনা মহাসড়কের আল আমিন মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করেছে র্যাব-৬। ছবি: ধ্রুব নিউজ
যশোর-খুলনা মহাসড়কের আল আমিন মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করেছে র্যাব-৬। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পণ্য মজুত ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকানমালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পরিচালিত এ অভিযানে বিচারিক নেতৃত্ব দেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে আভিযানিক দলটি মহাসড়ক সংলগ্ন ‘মহিদ স্টোরে’ তল্লাশি চালায়। তল্লাশিকালে দোকানটি থেকে কার্টন ভর্তি ট্যাক্স ফ্রি ও বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দোকানমালিক মহিদ নিজের অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও শুল্ক আইন লঙ্ঘনের দায়ে তাঁকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান শেষে র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ট্যাক্স ফ্রি ও নকল সিগারেটের চোরাচালান এবং বাজারজাতকরণ রোধে র্যাবের এই কঠোর তৎপরতা অব্যাহত থাকবে। অবৈধ পণ্যের মজুতদারদের বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।