নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর থেকে আন্তর্জাতিক মানের জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর সিআইডি পুলিশ। ছবি: ধ্রুব নিউজ
ক্রেডিট কার্ড হ্যাক করে পৌনে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিনাজপুর থেকে আন্তর্জাতিক মানের জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর সিআইডি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার উত্তর রামনগর গ্রামের শাহিনুর রহমান শাহিন (৫০) এবং একই উপজেলার বাহাদুরপুর বাজার এলাকার সঞ্জয় গুপ্তা (৩১)। গতকাল বুধবার (১৯ আগস্ট) দিনাজপুর জেলা শহর এলাকায় অভিযান চালিয়ে সিআইডির একটি চৌকস দল তাদের গ্রেপ্তার করে।
যশোর সিআইডি পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ডিসেম্বরে যশোর ইউনিক হসপিটালের চিকিৎসক ডা. সাফায়েত হোসেন শহরের মুজিব সড়কের ‘সেলার’ নামক একটি বিপণিবিতান থেকে কেনাকাটা শেষে কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। পরবর্তীতে ওই সুযোগে প্রতারক চক্র ডিজিটাল কৌশলে তার পিন নম্বর হ্যাক করে এবং ব্যাংক হিসাব থেকে ৩ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক আদালতে মামলা দায়ের করলে বিষয়টি যশোর কোতোয়ালী থানায় নিয়মিত এজাহার হিসেবে নথিভুক্ত হয়। পরবর্তীতে আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেয় যশোর সিআইডিকে।
মামলা তদন্তকালে সিআইডি পূর্বে জনি ইসলাম ও আবু সাইদ শাওন নামে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরেই মূল পরিকল্পনাকারী শাহিন ও সঞ্জয়ের নাম বেরিয়ে আসে।
সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মূল অভিযুক্ত শাহিনুর রহমান শাহিন মোবাইল অপারেটর রবির সিম বিক্রির আড়ালে সাধারণ গ্রাহকদের বিভ্রান্ত করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অতিরিক্ত সংগ্রহ করতেন। পরবর্তীতে সেসব ভুয়া বায়োমেট্রিক তথ্য দিয়ে সিম সচল করে জালিয়াতি ও ক্রেডিট কার্ড হ্যাকিংয়ের মতো অপরাধে ব্যবহার করা হতো।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার বিকেলে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেঁদের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।