নিজস্ব প্রতিবেদক
জমি দখলের চেষ্টা ও উচ্ছেদের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছেন ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন। ছবি: ধ্রুব নিউজ
যশোরে সরকারি বরাদ্দ পাওয়া জমি দখলের চেষ্টা ও উচ্ছেদের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছেন ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এর আগে ভুক্তভোগীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধনে অংশ নেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহরের রায়পাড়া ইসমাইল কলোনির বাসিন্দা আনোয়ার হোসেন জানান, তারা তিন ভাই ও এক বোন ছোট থাকা অবস্থায় পরিবারটি ভূমিহীন হওয়ায় সরকার কর্তৃক জেলা প্রশাসকের মাধ্যমে তার মা খোদেজা বেগমের নামে ইসমাইল কলোনী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৫ শতক জমি বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ পাওয়ার পর থেকেই তারা পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন।
অভিযোগ করে তিনি বলেন, ২০১২ সালে বেজপাড়া আজিমাবাদ কলোনির আশিক নামে এক ব্যক্তি প্রথম ওই জমির মালিকানা দাবি করে মামলা করেন। আর সম্প্রতি শহরের দড়াটানার ‘সাহেবজান বেডিং’-এর মালিক সামছুদ্দীন ওই জমি নিজের দাবি করে তাদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন। এই প্রক্রিয়ায় সামছুদ্দীনের ছেলে ওমর ফারুকসহ বেশ কয়েকজন তাদের প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করছেন।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত সামছুদ্দীন বিভিন্ন এলাকায় প্রভাব খাটিয়ে একাধিক মানুষের জমি দখল এবং ভুয়া খতিয়ান ও দলিল তৈরি করেছেন। এছাড়া বেজপাড়া, বকচর ও মুড়লী এলাকার মানুষকে মামলা-হামলা দিয়ে হয়রানি করার অভিযোগও তোলেন তিনি। গত ৫ আগস্ট দড়াটানার কহিনুর বেকারিতে হামলা ও দখলের চেষ্টার পেছনেও শামসুদ্দীন জড়িত ছিলেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
আনোয়ার হোসেন জানান, জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে আইনগত প্রতিকার পেতে তারা আদালতের আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে বেআইনি উচ্ছেদের চেষ্টা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানান তিনি। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আনোয়ার হোসেনের স্বজনসহ এলাকার ভুক্তভোগী বাসিন্দারা উপস্থিত ছিলেন।