নিজস্ব প্রতিবেদক
নতুন ভবন নির্মানের লক্তোষ্য়াযে কোতোয়ালী থানার পুরতন ভবন ভেঙ্গে ফেলা হচ্ছে। এসময় ভাঙ্গা পড়ে ১৯৭১ এর স্মৃতিস্তম্ভ। ছবি: ধ্রুব নিউজ
যশোর কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভটি ধ্বংস করা হচ্ছে না, বরং নতুন ভবন নির্মাণের পর তা যথাযথ স্থানে পুনরায় প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
স্মৃতিস্তম্ভটি অপসারণকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝি ও প্রতিক্রিয়া নিরসনে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেন যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। এ সময় তিনি বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউএনডিপির অর্থায়নে দেশব্যাপী ১০৭টি থানা আধুনিকায়ন প্রকল্পের আওতায় যশোর গণপূর্ত অধিদপ্তর কোতোয়ালি মডেল থানার চারতলা আধুনিক ভবন নির্মাণের কাজ শুরু করেছে। প্রস্তাবিত ২৬ হাজার বর্গফুট ও ছয়তলা ফাউন্ডেশনবিশিষ্ট ভবনের নতুন নকশার কারণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশের আত্মত্যাগের স্মৃতিবিজড়িত স্তম্ভটি বর্তমান স্থানে রাখা সম্ভব হচ্ছে না।
তাই পুলিশ হেডকোয়ার্টার্সের অনুমোদনক্রমে স্তম্ভটি সাময়িকভাবে সরানো হয়েছে। নির্মাণকাজ শেষ হলে উপযুক্ত ও মর্যাদাপূর্ণ স্থানে স্মৃতিস্তম্ভটি পুনরায় স্থাপন করা হবে। সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, এটি কোনোভাবেই স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়; বরং সার্বিক আধুনিকায়ন ও সংস্কার প্রক্রিয়ার অংশ।
এ ছাড়া সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অপরাধবিরোধী চলমান বিশেষ অভিযানের সার্বিক সাফল্যও তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
তিনি জানান, গত পহেলা জুলাই থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ মোট ২০৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একই সময় ২০০টি মাদক মামলায় ২৪৫ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২ গ্রাম ও ২০ পুরিয়া হেরোইন, ২৫ কেজি ৯১৯ গ্রাম ও ৮৭ পুরিয়া গাঁজা, ২টি গাঁজার গাছ, ৮ হাজার ৪০৭ পিস ইয়াবা, ৭৪৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫৯৫ বোতল কোডিনযুক্ত কফ সিরাপ এবং ৬ বোতল দেশি-বিদেশি মদ জব্দ করা হয়েছে।
একই সময়কালে ২টি ওয়ান শুটারগান, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা পুলিশ। তা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত মাস থেকে পরিচালিত বিশেষ অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, ছিনতাইকারী ও চাঁদাবাজিসহ মোট ৩৮৭ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।