ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: প্রতীকী
যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বামনালী চাপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশীকুজ্জামান পলাশের ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে জানা গেছে, গত ২৯ জুলাই বিকেল পৌনে ৬টার দিকে হাজিরালী কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হাজিরালী উত্তরপাড়ায় পৌঁছালে এক নারী তাকে উদ্দেশ্য করে উসকানিমূলক কথা বলেন। এর প্রতিবাদ জানালে তাকে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মাগরিবের নামাজে যাওয়ার পথে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার গতিপথ রোধ করে এবং তাকে এলোপাতাড়ি মারধর করে।
অভিযোগে আরও দাবি করা হয়, শিক্ষকের চিৎকার শুনে তার স্ত্রী তারিন খাতুন রক্ষা করতে এগিয়ে এলে অভিযুক্তদের একজন তার গলা থেকে প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে সরে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বর্তমানে আহত শিক্ষক আশীকুজ্জামান পলাশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রতনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অভিযোগপত্রভুক্ত অভিযুক্তরা হলেন—হাজিরালী উত্তরপাড়ার মো. ইলিয়াজ হোসেন সোহাগ, মো. তাহসান, মোছা. নাহিদ সুলতানা ও মো. আলমগীর হোসেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, তিনি বাইরে থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি। থানায় ফিরে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।